রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড
হোম » পটুয়াখালী » তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে সাতজনকে ১৯ দিন করে এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ধুলিয়া, চন্দ্রদ্বীপ ও মমিনপুর পয়েন্টসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচ হাজার মিটার জাল ও বেশ কিছু ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ এবং জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায় সাহেব গ্রামের আরিফ ফকির, ফিরোজ হাওলাদার, ইসমাইল খন্দকার ও রমিজ প্যাদা; ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের মো. খবির খন্দকার, ইসমাইল ফকির ও মো. শহিদুল ইসলাম এবং মমিনপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলামকে এক মাসের এবং অন্য সাতজনকে ১৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৪ ● ১৪ বার পঠিত
