শনিবার ● ১০ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়া নদীতে আটক ৪ জেলে, দুজনের কারাদণ্ড

হোম » জেলে-মৎস্য » তেঁতুলিয়া নদীতে আটক ৪ জেলে, দুজনের কারাদণ্ড
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

তেঁতুলিয়া নদীতে আটক ৪ জেলে, দুজনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চার জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। তাঁদের মধ্যে দুজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় জাল ও মাছ জব্দ করা হয়। পরে জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দ করা মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরলক্ষীবর্ধন গ্রামের মো. মামুন ইসলাম (২৩) ও মো. কামাল হোসেন (২৫)। অপ্রাপ্তবয়স্ক দুই জেলে রবিউল মৃধা (১৩) ও মো. মোহাম্মদ খানকে (১৫) মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল।

 

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নামায় জেলেদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:২৪:২৯ ● ২৫ বার পঠিত