শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকায় সড়ক অবরোধ
হোম » জাতীয় » প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকায় সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদন
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণা এলে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এ ছাড়া বাংলা কলেজ, শাহবাগসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন তাঁরা। বাংলা কলেজের সামনে বিক্ষোভ চলাকালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি এবং দ্রুত নতুন পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানান। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছেন তাঁরা। যাতায়াত ও থাকা-খাওয়ায় অনেকের অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। পরীক্ষা শুরুর ঠিক আগে স্থগিতের খবর পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন তাঁরা।
পরীক্ষা স্থগিতের আগের রাত থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিভিন্ন পোস্টে নিয়োগ কমিটির সভাপতি ও সদস্যসচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েও অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদটি ১১তম গ্রেডের। এ পদে ২৪২ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীতে ৯৫টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানের স্বাক্ষরিত ১০ অক্টোবরের নোটিশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমসিকিউ বাছাই পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। নোটিশে দুই কর্মদিবসের মধ্যে পরীক্ষার নতুন তারিখ জানানোর কথা উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার্থীরা বলছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা গ্রহণের নিশ্চয়তা দিয়ে দ্রুত নতুন তারিখ ঘোষণা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৩:১১:২৫ ● ২৬ বার পঠিত
