শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

হোম » বিশ্ব » সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

সৌদি বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

সাগরকন্যা ইন্টারন্যাশনাল ডেস্ক

 

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায় বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

 

শুক্রবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষ জানায়, আহতদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলার পরপরই তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। এতে বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

 

হামলার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিমানবন্দরের কার্যক্রম আবার চালু হয় এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

 

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে দায়ীদের পরিচয় উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৪ ● ২৬ বার পঠিত