শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
গৌরনদী পৌরসভায় সড়কবাতি নেই, সন্ধ্যা নামলেই অন্ধকার
হোম » বরিশাল » গৌরনদী পৌরসভায় সড়কবাতি নেই, সন্ধ্যা নামলেই অন্ধকার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর অন্ধকারে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে পথচারীদের দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াশ্বরী গ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অধিকাংশ স্থানে সড়কবাতি নেই। সন্ধ্যা নামার পর সড়কগুলো অন্ধকারে ঢেকে যায়।
স্থানীয় বাসিন্দা ওসমান গনি মিয়া বলেন, সন্ধ্যা নামলেই মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করে। তাঁরা নিয়মিত পৌরকরসহ বিভিন্ন ধরনের কর দিলেও প্রয়োজনীয় পৌরসেবা পাচ্ছেন না। সড়কবাতি না থাকায় রাতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গৌরনদী পৌরসভার পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে বর্তমানে ১ হাজার ৭৩২টি সড়কবাতি রয়েছে। তবে কয়েকটি এলাকায় সড়কবাতি না থাকার বিষয়টি তাঁদের নজরে এসেছে। এসব স্থান চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, সামনে বরাদ্দ পাওয়া গেলে গুরুত্বপূর্ণ যেসব এলাকায় সড়কবাতি নেই, সেসব স্থান চিহ্নিত করা হবে। এরপর পৌরসভার উদ্যোগে প্রয়োজনীয় সড়কবাতির ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:১৬:৫২ ● ২২ বার পঠিত
