শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬

মাদক মামলায় আটক এএসআই থানা থেকে উধাও , নেপথ্যে কী

হোম » বরিশাল » মাদক মামলায় আটক এএসআই থানা থেকে উধাও , নেপথ্যে কী
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

মাদক মামলায় আটক এএসআই থানা থেকে উধাও , নেপথ্যে কী

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮) থানা থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানা থেকে তিনি পালিয়ে যান বলে থানা সূত্রে জানা গেছে।

 

এর আগে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ারসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে দেলোয়ারকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। দেলোয়ার বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় কর্মরত। তাঁর বাবার নাম মো. সাখাওয়াত হোসেন সিকদার। তাঁদের বাড়ি খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকায়।

 

অভিযানে আটক অন্য তিনজন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদরের দক্ষিণ কড়াপুর এলাকার মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার পালিয়ে যাননি। হয়তো ভয়ে দূরে কোথাও গেছেন।

বাংলাদেশ সময়: ১০:২২:০৯ ● ২৮ বার পঠিত