মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

বরিশাল আদালত ভবন থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত

হোম » বরিশাল » বরিশাল আদালত ভবন থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

বরিশাল আদালত ভবন থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের সাততলা থেকে পড়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক (৩৫) নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে আদালত ভবনের সাততলার সামনের অংশ থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বরিশাল কোর্ট পুলিশের পরিদর্শক তারক বিশ্বাস জানান, আদালত ভবনের নিচে একজন পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নাজমুল হককে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

 

তিনি আরও জানান, ভবনটির নির্মাণশৈলীর কারণে অসাবধানতাবশত কারও নিচে পড়ে যাওয়ার সুযোগ কম। ভবন থেকে পড়ে গেলে কার্নিসে বাধাপ্রাপ্ত হওয়ার কথা। এ ছাড়া তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এমন সম্ভাবনাও কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ, ঘটনার সময় আদালত ভবনে অনেক লোকজন উপস্থিত ছিলেন।

 

নাজমুল হকের মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করছে থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২১:০৩:২৬ ● ২৭ বার পঠিত