সোমবার ● ৫ অক্টোবর ২০২৬

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

হোম » শিক্ষা » গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবিতে র‌্যালি ও আলোচনা সভা
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবিতে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

‘শিক্ষকের সঙ্গে: ৬০ বছর ধরে পেশার মর্যাদা রক্ষা, এর বাস্তবতা প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ গঠন’- এই প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি সরকারি ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগির, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক ও গুয়াবাড়িয়া এ. বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোশাররফ হোসাইন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন এবং বেইজবেল্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম তালাল।

 

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। দিনটি শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতির প্রতীক। শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন এবং দিবসটির গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বিশ্ব শিক্ষক দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

 

তারা আরও বলেন, নতুন প্রজন্মকে আলোকিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৪ ● ২২ বার পঠিত