শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রতিকারের আবেদন কলাপাড়ায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ প্রতিবেশী

হোম » পটুয়াখালী » প্রতিকারের আবেদন কলাপাড়ায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ প্রতিবেশী
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ প্রতিবেশী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানার চুলোর ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন প্রতিবেশী বল্লভ কর্মকারের পরিবার। পরিবারের অভিযোগ, প্রায় ৪০ বছর ধরে কারখানার আগুনের তাপ ও ধোঁয়ার কারণে তারা অ্যাজমা, চর্মরোগসহ নানা সমস্যায় ভুগছেন। বিষয়টি কারখানার মালিককে একাধিকবার জানানো হলেও প্রতিকার হয়নি। বর্তমানে অতিরিক্ত ধোঁয়ার কারণে বসতঘরে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ পরিবারটির।

 

এ ঘটনায় প্রতিকার চেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন তারা। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন অংলকার জুয়েলার্সের মালিক বল্লভ কর্মকারের ছেলে সৌরভ কর্মকার।

 

বল্লভ কর্মকারের স্ত্রী কাকলী কর্মকার সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা থাকলে পরিবেশ ও আশপাশের মানুষের বসবাসে সমস্যা হয়। চিংগুড়িয়া আবাসিক এলাকায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানা ছিল। কয়েক দিন আগে এক ব্যক্তি আদালতে মামলা করলে আদালতের নির্দেশনায় সেখানকার কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

 

তিনি বলেন, ‘শহরের মধ্যের এই কারখানাটি উঁচু পাইপ দিয়ে কালো ধোঁয়া ওপরের দিকে বের করে দিতে অনুরোধ জানিয়েছি, যাতে ধোঁয়া ঘরে প্রবেশ না করে। তা ছাড়া গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেও মিষ্টি তৈরি করা যেতে পারে। কারখানায় বিকেল ৫টা থেকে মিষ্টি তৈরি শুরু করে রাত ১টা পর্যন্ত চলে। ধোঁয়ায় ঘরের দেয়াল কালো হয়ে গেছে। জামাকাপড় নষ্ট হয়ে যায়, যা আর পরার উপায় থাকে না।’

কলাপাড়ায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ প্রতিবেশী

 

কাকলী কর্মকার আরও বলেন, টিনের চালের সানসেটে পাইপ না দেওয়ায় বর্ষাকালে পানি চুইয়ে পড়ে দেয়ালের পলেস্তারা ক্ষয়ে যাচ্ছে। এসব বিষয়ে একাধিকবার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুলের কাছে গেলেও কোনো সমাধান পাওয়া যায়নি। তিনি উপজেলা প্রশাসনের কাছে মানবিক দিক বিবেচনা করে মিষ্টি তৈরির কারখানার ধোঁয়া থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মালিককে নোটিশ দেওয়া হবে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

অভিযোগের বিষয়ে জগবন্ধু মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী চঞ্চল সাহা বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৪ ● ১৯ বার পঠিত