শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনার তালতলীতে ঝুপড়িঘরে ক্লাস, পাশে ৭ কোটি টাকার অর্ধনির্মিত ভবন
হোম » শিক্ষা » বরগুনার তালতলীতে ঝুপড়িঘরে ক্লাস, পাশে ৭ কোটি টাকার অর্ধনির্মিত ভবন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলীতে জরাজীর্ণ টিনশেড ও ছোট ছোট কক্ষে গাদাগাদি করে ক্লাস করছে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী। অথচ বিদ্যালয়ের পাশেই প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাঁচতলা ভবনটি দীর্ঘদিন ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে। নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় ভবনটি এখনো ব্যবহার উপযোগী হয়নি।
তালতলী উপজেলার তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, সংকীর্ণ টিনশেড কক্ষে অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। পর্যাপ্ত আলো-বাতাস ও বিদ্যুতের ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে ১০ শিক্ষক ও তিন কর্মচারীকে একটি ছোট লাইব্রেরি কক্ষে বসে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী, ১০ শিক্ষক ও তিন কর্মচারী রয়েছেন। শ্রেণিকক্ষের সংকট দূর করতে ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। তবে কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি অসম্পূর্ণ অবস্থায় রেখে চলে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভবনটি ব্যবহার উপযোগী হয়নি।
প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, ‘ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী না হওয়ায় বাধ্য হয়ে পুরোনো টিনশেডে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। ভবনটি দ্রুত সম্পন্ন করে হস্তান্তর করা জরুরি।’
শিক্ষার্থীরা জানায়, গরমের মধ্যে বিদ্যুৎ ও পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না থাকায় ক্লাস করতে কষ্ট হয়। এ ছাড়া ব্যবহার উপযোগী ওয়াশরুমেরও সংকট রয়েছে।
তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শেষ করে ভবনটি হস্তান্তর না করায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
এ ব্যাপারে ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান পটুয়াখালীর বিশ্বাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:১৬ ● ২৩ বার পঠিত
