শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ছাত্রদল নেতার মাথা ফাটানোর অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

হোম » পটুয়াখালী » বাউফলে ছাত্রদল নেতার মাথা ফাটানোর অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

বাউফলে ছাত্রদল নেতার মাথা ফাটানোর অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে নারীঘটিত পুরোনো বিরোধের জেরে অর্ক চ্যাটার্জী নামে এক ছাত্রদল নেতাকে মারধর ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল কিশোরের বিরুদ্ধে। এতে অর্কের মাথা ফেটে রক্তাক্ত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মন্দির গেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাইয়া মদন মোহন জিউড় আখড়াবাড়ির মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে অর্ক চ্যাটার্জী বন্ধুদের সঙ্গে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় জয় কুন্ডু, প্রীতম দেবনাথ ও সজিব শীলের নেতৃত্বে একদল কিশোর সেখানে গিয়ে নারীসংক্রান্ত পুরোনো বিরোধের জেরে অর্কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

 

একপর্যায়ে তারা অর্ককে ঘিরে মারধর শুরু করে। অর্ক এর প্রতিবাদ জানালে এবং হামলার কারণ জানতে চাইলে জয় কুন্ডু লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান অর্ক। আশপাশের লোকজন ও পূণ্যার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা অর্ককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন।

 

এলাকাবাসীর অভিযোগ, জয় কুন্ডুর বাবা খোকন কুন্ডুর প্রত্যক্ষ মদদ ও প্রশ্রয়ে জয় এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করা, মন্দির প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জয় কুন্ডুর বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

অভিযোগ অস্বীকার করে খোকন কুন্ডু বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিয়েছে।’

 

বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রাসেল নিয়াজী বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩৩ ● ২৭ বার পঠিত