শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হেলাল উদ্দিনের প্রচারণা শুরু
হোম » ভোলা » চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হেলাল উদ্দিনের প্রচারণা শুরু
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার ১৩ নম্বর এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা হেলাল উদ্দিন প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেন। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও গ্রামাঞ্চলে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন।
এর আগে বুধবার ইউনিয়নের প্রধান সড়ক ও বাজার এলাকায় হেলাল উদ্দিনের সমর্থনে গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অংশ নেন।
গণসংযোগকালে হেলাল উদ্দিন ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রবীণদের দোয়া নেন। স্থানীয় কয়েকজন ভোটার জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় হেলাল উদ্দিনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তবে নির্বাচনে কার পক্ষে ভোট দেবেন, তা ভোটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় হেলাল উদ্দিন বলেন, ‘আমি এওয়াজপুর ইউনিয়নের মা ও মাটির সন্তান। ক্ষমতা বা পদের জন্য নির্বাচনে আসিনি। ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এওয়াজপুরকে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।’
তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থার উন্নয়ন এবং সরকারি সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে প্রবীণ ও বিধবা ভাতা, টিসিবি কার্ড বিতরণ, কৃষকদের অধিকার রক্ষা, স্থানীয় বাজারের নিরাপত্তা ও আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ এবং সংস্কারের মাধ্যমে যোগাযোগব্যবস্থা উন্নত করার কথা জানান।
হেলাল উদ্দিন বলেন, ‘তৃণমূলের জনগণ ও আমার নেতার আশীর্বাদ আমার সবচেয়ে বড় শক্তি। আশা করি, জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এওয়াজপুর ইউনিয়নের সেবা করার সুযোগ দেবেন।’
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে কমিশন।
বাংলাদেশ সময়: ১২:৩৩:৪২ ● ১২ বার পঠিত
