বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠীতে প্রেস ক্লাবের এসির তার চুরির ঘটনায় আটক ২, ছিনিয়ে নেওয়ার চেষ্টা

হোম » ঝালকাঠী » ঝালকাঠীতে প্রেস ক্লাবের এসির তার চুরির ঘটনায় আটক ২, ছিনিয়ে নেওয়ার চেষ্টা
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


ঝালকাঠীতে প্রেস ক্লাবের এসির তার চুরির ঘটনায় আটক ২, ছিনিয়ে নেওয়ার চেষ্টা

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

ঝালকাঠিতে প্রেস ক্লাবের ছাদ থেকে আটটি এসির সংযোগ তার চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। চুরি করে পালানোর সময় একজনকে আটক করা হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে বুধবার বিকেলে প্রেস ক্লাবের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেখানে চুরির ঘটনা ঘটছে। এর আগে চার দফায় প্রেস ক্লাবের লক্ষাধিক টাকার তার চুরি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে তিনটি এবং বুধবার দুপুরে পাঁচটি এসির সংযোগ তার চুরি হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ জানান, প্রেস ক্লাবের ছাদে এসি ব্যবহারের নয়টি মেশিন রয়েছে। বুধবার পাশের এক ব্যক্তি গ্যাস বের হওয়ার বিষয়টি জানালে তারা ছাদে গিয়ে আটটি এসির সংযোগ তার কেটে নেওয়ার বিষয়টি দেখতে পান। এ সময় পাশের টাউন হল ভবনের ভেতর থেকে এক ব্যক্তি উঁকি দিলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় কয়েকজন ওই ব্যক্তিকে মারধরের চেষ্টা করলে মাইক্রোবাসচালক আরিফ তাকে রক্ষার চেষ্টা করেন। পরে প্রেস ক্লাবের ভেতরে নিয়ে ওই ব্যক্তিকে আটক করে রাখার সময় আরিফ, সিফাতসহ কয়েকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকরা এতে বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

কিছুক্ষণ পর প্রেস ক্লাবের সভাপতি ও কয়েকজন সদস্য বাইরে বের হলে আরিফ ও তার সহযোগীরা তাঁদের ওপর অতর্কিত হামলা করেন বলে অভিযোগ করেন সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সিফাত নামের একজনকে আটক করে। তবে আরিফ দৌড়ে পালিয়ে যান।

প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার জানান, এসির তার চুরির ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সিফাত, আরিফসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আরিফ ও আটক হওয়া সিফাত ইলেকট্রিক ডিভাইস চুরি চক্রের সঙ্গে জড়িত বলে তাঁদের ধারণা। পুলিশি জিজ্ঞাসাবাদে বিষয়টি পরিষ্কার হবে।

এদিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রেস ক্লাবের তার চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৮:৪৪ ● ২৮ বার পঠিত