বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় দুই নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দুই নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ তুলে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। ওই নারীর এক বোন ছেলেদের মতো পোশাক ও চলাফেরা করেন বলে স্থানীয়রা জানান।
চার দিন আগে ওই নারী ময়মনসিংহ থেকে আরেক নারীকে নিয়ে ওই বাড়িতে ওঠেন। এরপর তারা স্বামী-স্ত্রীর মতো চলাফেরা করছেন বলে স্থানীয়দের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে তারা ঘরের মধ্যে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাত কাটান বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি বুধবার জানাজানি হলে লালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারের সদস্যদের খবর দেন। পরে ওই দুই নারীকে তিনি নিজের জিম্মায় রাখেন বলে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮:০৪:২৩ ● ৪৭ বার পঠিত
