বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
জন্মনিবন্ধনের কথা বলে নারীকে ডেকে মারধর, টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
হোম » বরিশাল » জন্মনিবন্ধনের কথা বলে নারীকে ডেকে মারধর, টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে শিশুর জন্মনিবন্ধনের অনলাইন আবেদন করে দেওয়ার কথা বলে এক নারীকে ডেকে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাবেয়া আক্তার ইতি (৫৪) গৌরনদী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাবেয়া আক্তার ইতির সাত বছর বয়সী ছেলে ফাইজুল ইসলাম ভূঁইয়ার জন্মনিবন্ধনের প্রয়োজন হয়। গত ১৩ আগস্ট সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দা নুপুর বেগম শিশুটির জন্মনিবন্ধনের অনলাইন আবেদন করে দেওয়ার কথা বলে রাবেয়া আক্তারকে বার্থী এলাকার একটি ঘরে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে জন্মনিবন্ধনের অনলাইন আবেদন করা হয়। পরে আবেদনের একটি কপি রাবেয়া আক্তারের কাছে রেখে দেন নুপুর বেগম। জন্মনিবন্ধনের কপি দেওয়ার কথা বলে পরে তিনি বিভিন্ন টালবাহানা করতে থাকেন এবং রাবেয়া আক্তারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর ১৪ আগস্ট নুপুর বেগম ভুক্তভোগী রাবেয়া আক্তারকে তাঁর বাড়িতে ডেকে নেন। পরদিন ১৫ আগস্ট সকাল ৭টার দিকে জন্মনিবন্ধনের কপি আনতে সেখানে গেলে নুপুর বেগম তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন রাবেয়া আক্তার।
অভিযোগে আরও বলা হয়, গালিগালাজের প্রতিবাদ করায় নুপুর বেগমসহ কয়েকজন একত্রিত হয়ে রাবেয়া আক্তারকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। মারধরের একপর্যায়ে তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
রাবেয়া আক্তারের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাঁকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গৌরনদী থানায় লিখিত অভিযোগ করেন রাবেয়া আক্তার।
অভিযোগের বিষয়টি তদন্ত করছেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক মো. সরোয়ার হোসেন। তিনি বলেন, ‘তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত নুপুর বেগমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবারই ফোন কেটে দেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:০৪ ● ৪২ বার পঠিত
