বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬

বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবি

হোম » শিক্ষা » বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবি
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনা বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও ধূমপানজাত পণ্য বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে উপজেলা নাগরিক ফোরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার ও সাধারণ সম্পাদক মো. মহসীন খান।

 

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর ৭ ধারা ৬ (খ) অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়া অধ্যাদেশের ৫ ধারা অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপানের ক্ষেত্রেও অর্থদণ্ডসহ শাস্তির বিধান রয়েছে।

 

তবে আইন অমান্য করে বেতাগী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ফটকের আশপাশে প্রকাশ্যে বিড়ি-সিগারেট বিক্রি হচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা সহজেই ধূমপানে আসক্ত হয়ে পড়ছে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

 

স্মারকলিপিতে চারটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে থাকা তামাকের দোকান অবিলম্বে অপসারণ বা স্থানান্তর করা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড ও কঠোর শাস্তি নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে আশপাশের দোকানিদের সতর্ক করে তামাকমুক্ত পরিবেশের নজরদারি জোরদার করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফটক ও সংলগ্ন এলাকায় ‘ধূমপানমুক্ত এলাকা’ লেখা স্থায়ী সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩১ ● ২১ বার পঠিত