সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় লাশ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে, পুলিশসহ আহত ৫
হোম » ভোলা » ভোলায় লাশ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে, পুলিশসহ আহত ৫
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
লালমোহন থেকে এক নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার কেরামতগঞ্জ বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে লালমোহন থানার এক কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন।
নিহত নারী হলেন লালমোহন উপজেলার রায়চাঁদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিনের স্ত্রী বিবি আয়েশা (৫০)।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম জানান, আয়েশা বেগম রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বিষপানে আত্মহত্যা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে ভোলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।
পথে বোরহানউদ্দিন উপজেলার কেরামতগঞ্জ বাজার সড়কের পাশে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা আয়েশার স্বজন রাকিব, সাইফুল ও রুমা এবং লালমোহন থানার কনস্টেবল জাহিদ গাড়িসহ পানিতে তলিয়ে যান। পরে গাড়ির কাচ ভেঙে তারা বের হয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা সাধারণ জখম হয়েছেন। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও স্বজনদের উদ্ধার করে। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:০৯:০৫ ● ১৬ বার পঠিত
