সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি
হোম » জেলে-মৎস্য » সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে গুরুতর জখম, হাসপাতালে ভর্তি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় সুন্দরবনে কাঁকড়া আহরণ শেষে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতের দিকে কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন বাটলুয়া নদীসংলগ্ন হেতালবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও তাহের সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। তারা কোবাদক ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়েছিলেন।
আহতদের চাচা আব্দুল গনি সরদার বলেন, সকালে সাইদ নামের এক জেলের মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে দ্রুত ট্রলার নিয়ে সুন্দরবনে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, হেতালবুনিয়া খালের চরে দুই ভাতিজাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তরিকুল ও শরিফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, ‘আমার ওয়ার্ডের দুই জেলেকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে কাঁকড়া আহরণ শেষে তারা নৌকায় ঘুমিয়ে ছিলেন বলে জানতে পেরেছি।’
তবে কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কয়রা থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ভুক্তভোগী জেলেদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯:০১:১২ ● ২৪ বার পঠিত
