পচা ১৪ কেজির কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টাকায়

হোম » জেলে-মৎস্য » পচা ১৪ কেজির কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টাকায়
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া ১৪ কেজি ওজনের কোরাল মাছ। বরফ সংকটের কারণে মাছটিতে পচন ধরলেও পরে নিলামে বিক্রি করা হয়।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ। তবে বরফ সংকটের কারণে ঘাটে পৌঁছানোর আগেই মাছটিতে পচন ধরলেও নিলামে প্রতি কেজি ৭৫০ টাকা দরে মোট সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।

 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে জেলে খালেক মাঝি মাছটি নিয়ে আসেন বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে। পরে নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।

 

জেলে খালেক মাঝি জানান, মেঘনায় মাছ ধরার সময় জালে ১৪ কেজি ওজনের কোরালটি ধরা পড়ে। তবে পর্যাপ্ত বরফের সংকট থাকায় আড়তে আনার আগেই মাছটিতে পচন ধরতে শুরু করে। পরে নিলামে প্রতি কেজি ৭৫০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়।

 

মৎস্য ব্যবসায়ী শাকিল বলেন, বরফের অভাবে মাছটিতে পচন ধরেছিল। তারপরও নিলামে সাড়ে ১০ হাজার টাকায় মাছটি কিনেছি। পরে ঘাটের ১৪ জন মৎস্য ব্যবসায়ী নিজেদের খাওয়ার জন্য মাছটি ভাগ করে নিয়েছেন।

 

বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ব্যবস্থাপক সুরুজিত দাস জানান, বরফ সংকটের কারণে মেঘনায় ধরা পড়া বড় কোরাল মাছটি সংরক্ষণ করা সম্ভব হয়নি। পরে নিলামে বিক্রির পর মাছটি কেটে ১৪ জন ব্যবসায়ীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৯:৫৭:৩৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ