নেশাগ্রস্ত অবস্থায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

হোম » বরিশাল » নেশাগ্রস্ত অবস্থায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২৬


 

নেশাগ্রস্ত অবস্থায় গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামে গভীর রাতে এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মনির কাজী (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের গণধোলাইয়ের পর অভিযুক্ত পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হীরাধর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির কাজী একই ইউনিয়নের ডিঙ্গারহাট গ্রামের মৃত নাসির কাজীর ছেলে।

 

ঘটনার শিকার গৃহবধূ জানান, রাতের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে ওঠার পর মনির কাজী দরজায় নক করেন। তিনি বারান্দার দরজা খুললে ঘরে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে অভিযুক্ত তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন তিনি।

 

তার ডাকচিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে মনিরকে আটক করে মারধর করেন। পরে প্রতিবেশীরা আরও জড়ো হওয়ার আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান।

 

গৃহবধূ আরও অভিযোগ করেন, মনির কাজী প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় রাতে এলাকায় ঘোরাফেরা করেন এবং তার বিরুদ্ধে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

 

এ ঘটনায় গৃহবধূর পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ঘটনার শিকার গৃহবধূর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২০:১২ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ