পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

হোম » পিরোজপুর » পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬


 

পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত, নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) পিরোজপুর পৌরসভার কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান। এ সময় প্রকল্পের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পৌর নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, পজেটিভ পিরোজপুরের সভাপতি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, পিরোজপুর দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত ছিল। ভবিষ্যতে পৌরসভার উন্নয়নে যে বরাদ্দ দেওয়া হবে, তা সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

 

তিনি বলেন, উন্নয়নকাজ তদারকিতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক কমিটি গঠন করা প্রয়োজন। এ কমিটি প্রকল্পের কাজের গুণগত মান পর্যবেক্ষণসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ঠেকাতে পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি উন্নয়নকাজের শতভাগ গুণগত মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পৌরসভার উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির আশ্বাস দেন তিনি।

 

পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, পৌরবাসীকে সম্পৃক্ত করে পিরোজপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা হবে।

 

সভায় বক্তারা বলেন, ব্যক্তি স্বার্থের কারণে শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

 

পরে প্রধান অতিথি পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন। কাজের গুণগত মানে সন্তোষ প্রকাশের পাশাপাশি শতভাগ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০:০৮:০০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ