
সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)
সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বরগুনার বেতাগীতে স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। এখানে সামর্থ্যবান মানুষ তাঁদের ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী রেখে যেতে পারবেন, আর প্রয়োজনীয় মানুষ বিনামূল্যে সেখান থেকে তা সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার দুপুরে বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবিদখালী রোডে হেলেন মঞ্জিলের সামনে আনুষ্ঠানিকভাবে ‘মানবতার দেয়াল’-এর উদ্বোধন করেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহমেদ, স্থানীয় সমাজকর্মী মো. হাবিবুর রহমান, মো. নাহিদ হাসান খান, মো. হামিম ও মো. সাইফুল ইসলাম।
‘তরুণ কল্যাণ যুব পরিষদ’ ও ‘আঁধারের আলো নারী কল্যাণ সমিতি’র যৌথ উদ্যোগে মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে।
উদ্যোক্তারা জানান, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবতার দেয়ালে লেখা রয়েছে, ‘যার প্রয়োজন, তিনি বিনামূল্যে নিয়ে যান। যার সামর্থ্য আছে, তিনি রেখে যান।’
উদ্যোক্তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।