ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, দুইজনকে ৫১ হাজার টাকা জরিমানা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, দুইজনকে ৫১ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, দুইজনকে ৫১ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)


পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ড্রেজারের বালু ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পৌরসভার ড্রেন বন্ধ করার অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার রিজাপ পার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবন নির্মাণকাজের উদ্দেশ্যে পূর্ব ভাণ্ডারিয়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন ড্রেজারের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কে বালু ফেলেন। এতে সড়কে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি পৌরসভার ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়।


এ ঘটনায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী মো. দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা এবং আবদুল জব্বারের ছেলে মো. শাহিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।


ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, ‘জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক এবং পানি নিষ্কাশনের ড্রেন কোনোভাবেই নির্মাণসামগ্রী ফেলে বন্ধ করা যাবে না। জনস্বার্থ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’


উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৪ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ