তারেক রহমানের নির্দেশ অমান্যকারীরা বিএনপির নয় - দশমিনায় পাল্টা সংবাদ সম্মেলন

হোম » পটুয়াখালী » তারেক রহমানের নির্দেশ অমান্যকারীরা বিএনপির নয় - দশমিনায় পাল্টা সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬


 

তারেক রহমানের নির্দেশ অমান্যকারীরা বিএনপির নয় - দশমিনায় পাল্টা সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

জাতীয় সংসদ নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা ব্যক্তিদের বিএনপির সমর্থক বা কর্মী দাবি করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন দশমিনা উপজেলা বিএনপির নেতারা। কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুনের সমর্থকদের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

 

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর )দশমিনা উপজেলা বিএনপির নলখোলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ শাহ আলম শানু।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সাবেক সহসভাপতি মিজানুর রহমান জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সিকদার, আমীন হাওলাদার, বাচ্চু সিকদার ও মজিবর রহমান প্যাদা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারসহ অন্য নেতারা।

 

লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভিপি নুরুল হক নুরকে সমর্থন দিয়ে তারেক রহমান তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসরণ করে তারা নির্বাচনে নুরের পক্ষে কাজ করেছেন এবং তাকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন।

 

শাহ আলম শানু বলেন, আপনারা ব্যক্তি বন্দনার রাজনীতি করেন, আর আমরা দল ও বিএনপির নির্দেশনা মেনে রাজনীতি করি।

 

সংবাদ সম্মেলনে হাসান মামুন সমর্থকদের বিরুদ্ধে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মামলা বাণিজ্য এবং চর ও জমি দখলের অভিযোগও করা হয়। অভিযোগ করা হয়, গত ৫ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দশমিনা-গলাচিপাবাসীকে একজন প্রতিমন্ত্রী উপহার দিয়েছেন। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলন থেকে হাসান মামুন সমর্থকদের বিভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসান মামুন সমর্থক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল।

 

তিনি বলেন, পাল্টা সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে। আমরা বর্তমানে ক্ষমতায়ও নেই, বিএনপির কোনো কমিটিতেও নেই। অথচ তারাই সবকিছু ভাগবাটোয়ারা করে লুটপাট করছেন।

বাংলাদেশ সময়: ২০:১২:১৬ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ