
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে খুলনার কয়রা উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহসিন আলী।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সহমর্মিতার গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।’
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।