কয়রায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

কয়রায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় তক্ষক কেনাবেচার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আকবর হোসেন ঢালী নামে এক ব্যক্তি।

 

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। আকবর হোসেন ঢালী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর কয়রা গ্রামের মৃত আমির ঢালীর ছেলে।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি পত্রিকায় আমার বিরুদ্ধে তক্ষক কেনাবেচার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

তিনি বলেন, ‘তক্ষক কেনাবেচার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া কিংবা কোনো ধরনের প্রতারণার সঙ্গে আমি কখনও জড়িত ছিলাম না। আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় মিথ্যা তথ্য উপস্থাপন করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।’

 

আকবর হোসেন ঢালী আরও বলেন, কারও সঙ্গে তার অর্থ লেনদেন হয়ে থাকলে তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা উচিত। কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে প্রতারক হিসেবে চিহ্নিত না করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এ ঘটনায় দায়ের করা মামলার এক ভুক্তভোগী জাহিদুল ইসলামকে পরবর্তীতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় কয়েকজনের নাম বলতে চাপ দেওয়া হয়। তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে তক্ষক কেনাবেচার মাধ্যমে কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে আকবর হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। অভিযোগকারীদের কেউ কেউ হোয়াটসঅ্যাপে তক্ষকের ছবি ও ভিডিও দেখিয়ে বিভিন্ন ধাপে টাকা নেওয়ার অভিযোগ করেন। তবে ওই অভিযোগগুলোর সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আকবর হোসেন ঢালী।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ