হাতে রশি নিয়ে ঘোরার পর দোকানে মিলল আবুলের মরদেহ

হোম » পিরোজপুর » হাতে রশি নিয়ে ঘোরার পর দোকানে মিলল আবুলের মরদেহ
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


 

হাতে রশি নিয়ে ঘোরার পর দোকানে মিলল আবুলের মরদেহ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক চা দোকানির মরদেহ তার নিজের দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন বলে স্বজনদের দাবি। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর ওই কাজ করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে দোকান থেকে আয় করে সংসারের অভাব-অনটন দূর করতে পারেননি।

 

নিহতের জামাতা আবীর হোসেন জানান, মঙ্গলবার আবুল মল্লিককে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চা দোকানেই ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় স্বজনরা তাকে ডাকতে যান। একপর্যায়ে দোকানের ফাঁক দিয়ে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন তারা।

 

স্থানীয় বাসিন্দা মো. হারুন বলেন, ‘আবুল মল্লিক অত্যন্ত অসহায় ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পাশাপাশি সংসারে অভাব-অনটন ছিল। পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে। মঙ্গলবারও তাকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে।’

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১২:৩৯:৫২ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ