বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

হোম » রাজনীতি » বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরগুনা শহরের দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা মিজান টাওয়ার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।

 

সকাল ১১টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ জামান মাহফুজসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়, এটি দেশের বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের একটি ঐতিহ্যের নাম। শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে যে রাজনৈতিক দর্শনের সূচনা করেছিলেন, বেগম খালেদা জিয়া সেই পতাকা হাতে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়েছেন।’

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে রাজনৈতিকভাবে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নির্যাতন ও দমন-পীড়ন বিএনপির নেতাকর্মীদের রাজপথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিকূলতার মধ্যেও বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেছে।’

 

নজরুল ইসলাম মোল্লা বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের অতীতের সংগ্রাম থেকে শক্তি নিয়ে ভবিষ্যতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

কর্মসূচিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত নেতাকর্মীসহ দলের নেতৃবৃন্দের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ