দশমিনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ

হোম » রাজনীতি » দশমিনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

দশমিনায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে দলের দুই গ্রুপ। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও শহরে উত্তেজনা বিরাজ করছে।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হাসান মামুন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বাধীন গ্রুপ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।

 

হাসান মামুন গ্রুপ বেলা ১১টায় উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওফাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা ও মাসুদুর রহমান পঞ্চায়েতসহ অন্যরা।

 

অন্যদিকে বিকেল ৩টায় উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বে নলখোলা বিএনপি কার্যালয় থেকে পৃথক একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনুর রসিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও সদস্য সচিব গাজী সালাহউদ্দিনসহ অন্যরা।

 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে উভয় গ্রুপের মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে। বর্তমানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৯:১৩:০১ ● ৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ