মনপুরায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী র‌্যাবের জালে গ্রেপ্তার

হোম » ভোলা » মনপুরায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী র‌্যাবের জালে গ্রেপ্তার
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

মনপুরায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী র‌্যাবের জালে গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামী মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।

 

রবিবার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

র‌্যাব জানায়, গত ২৫ জুন এক গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে সাইদুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পরবর্তীতে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় সাইদুর রহমান ও তাকে সহযোগিতার অভিযোগে মাইনুর বেগম নামে এক নারীকে আসামী করে মামলা করা হয়।

 

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার মাইনুর বেগম নামের এক নারী কাজের কথা বলে ওই গৃহবধূকে তার বাড়িতে ডেকে নেন। পরে তাকে ঘরে রেখে মাইনুর বেগম বাইরে গেলে সাইদুর রহমান সেখানে গিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

 

এ সময় ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে সাইদুর রহমানকে আটক করেন। তবে পরে বিষয়টি মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার তিন দিন পর ভুক্তভোগী ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

 

মামলা দায়েরের পর থেকে প্রধান আসামী সাইদুর রহমান পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তিনি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।

 

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে।’

 

গ্রেপ্তারের পর সাইদুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

বাংলাদেশ সময়: ২০:১০:০০ ● ৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ