মেহেন্দিগঞ্জে গাঁজা-ইয়াবাসহ চার মাদককারবারি আটক

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে গাঁজা-ইয়াবাসহ চার মাদককারবারি আটক
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

মেহেন্দিগঞ্জে গাঁজা-ইয়াবাসহ চার মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬ হাজার ৩৩০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ চার মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে রাজিব হাওলাদার (২৯), মৃত ফজলে করিম বেপারীর ছেলে মোস্তফা বেপারী (৪৪), দাদপুর মধ্যকান্দি এলাকার মৃত কাঞ্চন সরদারের ছেলে রাসেদ সরদার (৩৮) এবং মৃত কাশেম ঢালীর ছেলে মফিজ ঢালী (৩৫)।

 

পুলিশ জানায়, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিনের নেতৃত্বে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. রুবেল খান ও সঙ্গীয় ফোর্স শনিবার রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রোববার ভোর পৌনে ৫টার দিকে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় মোস্তফা বেপারীর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে চারজনকে আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩৩০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ মোটরসাইকেল জব্দ করা হয়।

 

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০২:০৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ