কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

হোম » পিরোজপুর » কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, থানায় অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কাউখালী থানায় লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস।


অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধাবড়ী ইউনিয়নের ৫৫ নম্বর আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। পরে রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন তারা।


অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের একটি ফ্যান, একটি ঘণ্টা, দুটি ফুটবল ও একটি টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে। এছাড়া বিদ্যালয়ের বিদ্যুতের লাইন কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। বিষয়টি জানার পর তিনি কাউখালী থানায় গিয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন।


এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৫২ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ