নেছারাবাদে বিন্না ইয়ংমেন্স ক্লাবের নির্বাচন, চলছে ভোটগ্রহণ

হোম » পিরোজপুর » নেছারাবাদে বিন্না ইয়ংমেন্স ক্লাবের নির্বাচন, চলছে ভোটগ্রহণ
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


 

নেছারাবাদে বিন্না ইয়ংমেন্স ক্লাবের নির্বাচন, চলছে ভোটগ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে বিন্না ইয়ংমেন্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর ভোটগ্রহণ চলছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম। এ ছাড়া সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, তথ্য ও প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন এবং সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সুটিয়াকাঠী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টু। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে।

 

ক্লাব সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ৭৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের উপস্থিতি ও ভোটদানের হার সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

শনিবার ভোটগ্রহণকালে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৩০টি ভোট পড়েছে বলে জানা গেছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার মজুমদার বলেন, ‘নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষ করে ভোট গণনা ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

বাংলাদেশ সময়: ১২:১৫:৫৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ