মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিত নেতাদের মানববন্ধন

হোম » রাজনীতি » মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিত নেতাদের মানববন্ধন
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


 

মির্জাগঞ্জে যুবদলের কমিটি নিয়ে পদবঞ্চিত নেতাদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নবঘোষিত আংশিক কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন পদবঞ্চিত যুবদল নেতারা। তাদের অভিযোগ, কমিটিতে রাজনীতিতে নিষ্ক্রিয়, বিতর্কিত ও আন্দোলন-সংগ্রামে অনুপস্থিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদর সুবিদখালী সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কে আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় সাবেক যুবদল নেতারা অংশ নেন।

মানববন্ধনে নেতারা বলেন, গত ২৬ আগস্ট ঘোষিত মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী ও নির্যাতিত অনেক নেতাকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

বক্তারা নবগঠিত কমিটিকে ‘রাতের আঁধারের পকেট কমিটি’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, যাচাই-বাছাই ছাড়া বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে নতুনভাবে গ্রহণযোগ্য কমিটি ঘোষণার দাবি জানান।

পদবঞ্চিত নেতারা জানান, কমিটি ঘোষণার পর থেকেই তারা বিক্ষোভ ও ঝাড়ু মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। দ্রুত নতুন কমিটি ঘোষণা করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুজন হাওলাদার এবং কাকড়াবুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. জাফর হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মুন্সী, মো. শাহিন ফরাজী, সৌরভ মুন্সী, মধু মৃধা, পিন্টু হাওলাদার, কাকড়াবুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মো. রাসেল মৃধাসহ দুই শতাধিক নেতা-কর্মী।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী রাসেদ সামসকে সভাপতি এবং গাজী আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয় যুবদল আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৩:৩৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ