শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

হোম » প্রযুক্তি » শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


শিশুদের তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

সাগরকন্যা আইটি ডেস্ক

১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। এর মধ্য দিয়ে ২০২৪ সালে দায়ের করা মামলাটি নিষ্পত্তির পথ তৈরি হয়েছে।

সমঝোতা অনুযায়ী, টিকটককে প্রথম ধাপে ৩০ কোটি ডলার পরিশোধ করতে হবে। পরবর্তী সময়ে আরও ১০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে।

মামলায় অভিযোগ করা হয়, অভিভাবকের অনুমতি ছাড়াই টিকটক ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। কোনো অভিভাবক সন্তানের অ্যাকাউন্ট মুছে দেওয়ার অনুরোধ করার পরও সেটি যথাযথভাবে সরানো হয়নি বলেও অভিযোগ রয়েছে। এমনকি কোনো অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্ক শিশুর বলে প্রতিষ্ঠানটি জানার পরও অনেক ক্ষেত্রে তা মুছে দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই. উডওয়ার্ড জুনিয়র এই সমঝোতাকে শিশু ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

২০২৪ সালে মামলা দায়েরের পর যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম ও মালিকানা কাঠামোয় পরিবর্তনের উদ্যোগ দেখা যায়। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সের সঙ্গে চুক্তি করে বাইটড্যান্স। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন যৌথ উদ্যোগ গঠনের প্রক্রিয়া এগিয়ে যায়।

শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে টিকটকের সঙ্গে এই সমঝোতা এমন সময়ে হলো, যখন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিশুদের তথ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ বাড়ছে। একই সঙ্গে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একাধিক দেশ নতুন উদ্যোগ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের আদালতে মেটার বিরুদ্ধেও শিশুদের অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে মামলা চলছে। ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশুদের অনলাইন গোপনীয়তাসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

টিকটকের সঙ্গে সমঝোতার ফলে ২০২৪ সালের মামলাটি নিষ্পত্তির দিকে এগোলেও বিষয়টি শিশুদের ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা রক্ষায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন সরকারের নজরদারি আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৮ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ