মঠবাড়িয়া পৌরসভায় পানি সংকট, সরেজমিনে ইউএনও

হোম » পিরোজপুর » মঠবাড়িয়া পৌরসভায় পানি সংকট, সরেজমিনে ইউএনও
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


মঠবাড়িয়া পৌরসভায় পানি সংকট, সরেজমিনে ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় দীর্ঘদিনের পানি সংকট, অনিয়মিত সরবরাহ এবং দুর্গন্ধযুক্ত ও কর্দমাক্ত পানি সরবরাহের অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে পানি সরবরাহ ব্যবস্থার সমস্যা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বী।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে তিনি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে পানি সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পানি সরবরাহের পাইপলাইনের বিভিন্ন স্থানে ছিদ্রসহ বেশ কিছু ত্রুটি ও অব্যবস্থাপনা তার নজরে আসে।

 

পরিদর্শনকালে ইউএনও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পানি সরবরাহের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে চান। পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকেও পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে তথ্য নেন।

 

পানি সরবরাহ স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত ও ছিদ্রযুক্ত পাইপ দ্রুত মেরামত, পানির গুণগত মান নিশ্চিত এবং নিয়মিত সরবরাহের ওপর গুরুত্ব দেন ইউএনও। চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন অংশে পানি সংকট ও অনিয়মিত সরবরাহের কারণে তারা ভোগান্তিতে রয়েছেন। কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না, আবার কোথাও সরবরাহ করা পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তাদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সমস্যাটির স্থায়ী সমাধান করা হোক।

 

এদিকে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নে প্রায় ৫৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন ও ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের পরও যদি পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয়, তাহলে প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ও অর্থ ব্যয়ের বিষয়টি যাচাই করা প্রয়োজন।

 

স্থানীয়দের দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম বা দুর্নীতির কোনো ঘটনা ঘটে থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী বলেন, ‘গ্রাহকেরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী পানি পান, সেটিই নিশ্চিত করা আমাদের লক্ষ্য।’

 

তিনি জানান, বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে পানি সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় এস্টিমেট প্রস্তুতের জন্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করা হবে।

 

পৌরবাসীর প্রত্যাশা, দ্রুত পাইপলাইন সংস্কার ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ৫৩ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন ও ব্যয়ের বিষয়েও প্রয়োজনীয় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। প্রকল্পে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ