
সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে শুক্রবার মানববন্ধন করেছেন শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়রা।
অভিযুক্তরা হলেন রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবির আকন এবং তার বড় ভাই স্বেচ্ছাসেবক দলের রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সিফাত আকন।
শিক্ষার্থী সৌরভের অভিযোগ, চলতি বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য তিনি আবির আকনকে চার হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও তার ফরম পূরণ করা হয়নি। পরে বরিশাল শিক্ষা বোর্ডে গিয়ে নিজেই ফরম পূরণ করেন সৌরভ। এরপর আবিরের কাছে দেওয়া চার হাজার টাকা ফেরত চান তিনি।
সৌরভের দাবি, টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ২০ আগস্ট রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজারে আবির ও তার ভাই সিফাত তাকে মারধর করেন। এ সময় রডের আঘাতে তার বাঁ হাতের কব্জি ভেঙে যায় বলেও দাবি করেন তিনি।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা নিষ্পত্তি হয়নি। পরে বৃহস্পতিবার আবির, সিফাত ও তাদের বাবা আইয়ুব আকনকে আসামি করে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সৌরভের বাবা সিরাজুল মৃধা।
এদিকে শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে অভিযুক্তদের বিচার দাবিতে রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধন করেন সৌরভের স্বজন ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবির আকন। তিনি বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, ঢাকায় ছিলাম। পরে শুনেছি, আমার ভাই সিফাতের সঙ্গে সৌরভের ঝামেলা হয়েছে।