তালতলীতে দুই বিএনপি নেতাকে শোকজ, তৃণমূলে ক্ষোভ

হোম » রাজনীতি » তালতলীতে দুই বিএনপি নেতাকে শোকজ, তৃণমূলে ক্ষোভ
শুক্রবার ● ২৮ আগস্ট ২০২৬


 

তালতলীতে দুই বিএনপি নেতাকে শোকজ, তৃণমূলে ক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। শোকজ প্রত্যাহারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন দলের নেতাকর্মীদের অনেকে।

 

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ূন হাসান শাহীন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করেন। এরপর ২৫ আগস্ট একই ধরনের অভিযোগে মোস্তাকের বড় ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজকে শোকজ করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

 

পৃথক দুটি শোকজ নোটিশের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁদের অনেকে ফেসবুকে শোকজের প্রতিবাদ জানিয়ে নোটিশ দুটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

 

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শামীম আহসান, মংসেলেন তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আল-আমিন, সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসলাম আকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, তালতলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রুহুল আমিন হোসেন রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য নেহাল ইসলাম রাকিব এবং তালতলী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সুমন কারী বলেন, ‘বিগত ১৭ বছর রাজনৈতিক নিপীড়ন, হামলা-মামলা ও শারীরিক নির্যাতনের মধ্যেও মোস্তাক ও রিয়াজ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। রাজনৈতিক মামলা-হামলাসহ নানা প্রতিকূলতার মধ্যে তাঁরা তৃণমূলের অভিভাবকের ভূমিকা পালন করেছেন।’

 

তাঁরা আরও বলেন, আন্দোলন-সংগ্রামে দুই নেতা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং নিজেদের জীবন, সম্পদ ও ক্যারিয়ার ঝুঁকির মধ্যে রেখে তালতলীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন। তাঁদের বাদ দিয়ে তালতলীতে বিএনপির রাজনীতি কল্পনা করা কঠিন বলেও দাবি করেন তাঁরা।

 

তৃণমূলের একাধিক নেতা বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতাদের বিরুদ্ধে এভাবে শোকজ দেওয়ার ঘটনায় তাঁরা হতাশ। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। একই সঙ্গে এ পরিস্থিতির সুযোগ নিয়ে সুবিধাবাদী একটি মহল সক্রিয় হতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

 

নেতাকর্মীদের দাবি, তালতলীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি ও জনপ্রিয়তা ধরে রাখতে মোস্তাক ও রিয়াজের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তাঁদের বিরুদ্ধে দেওয়া শোকজ প্রত্যাহার করা না হলে তৃণমূলে বিভাজন আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

 

তবে শোকজের অভিযোগের বিষয়ে মোস্তাক ও রিয়াজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৮ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ