সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

হোম » বরিশাল » সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান।

 

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টায় এমপি আবুল হোসেন খানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাদ্দাম হোসেন খান অপু ও সুমা খান।

 

লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন খান অপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচা আবুল হোসেন খান বর্তমান সংসদ সদস্য হলেও তিনি কখনো চাচার পরিচয় ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার, অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হননি। পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান তার ছোট বোনের মতো।

 

তিনি অভিযোগ করেন, সম্প্রতি জনৈক লায়ন নিলয় পারভেজ তার ব্যবহৃত ফেসবুক আইডিতে তাকে ও সুমা খানকে জড়িয়ে ‘হানিট্র্যাপ’ সংক্রান্ত মনগড়া তথ্য ও কুরুচিপূর্ণ পোস্ট করে অপপ্রচার চালাচ্ছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, এর ফলে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

 

সাদ্দাম হোসেন খান অপু এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

 

অন্যদিকে, সুমা খান তার লিখিত বক্তব্যে বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সাদ্দাম হোসেন খান অপু তার বড় ভাইয়ের মতো এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

 

সুমা খান অভিযোগ করেন, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা ও ঢাকায় বসবাসরত লায়ন নিলয় পারভেজ একটি মহিলা মানবাধিকার সংগঠনের লাইসেন্স করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নিয়েছেন। টাকা ফেরত চাইলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

 

তার দাবি, ওই হুমকির ধারাবাহিকতায় নিলয় পারভেজ তার ফেসবুক আইডিতে সাদ্দাম হোসেন খান অপুর সঙ্গে তাকে জড়িয়ে ‘হানিট্র্যাপ’ নিয়ে কাল্পনিক, মিথ্যা ও কুরুচিপূর্ণ লেখা এবং ফটোকার্ড প্রকাশ করেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এমনকি এসব পোস্টকে কেন্দ্র করে পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি ও অশান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

 

এ ঘটনায় তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

 

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে লায়ন নিলয় পারভেজের বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১:৪২:১৫ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ