দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

হোম » রাজনীতি » দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা শহরে সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিলে জসীমউদ্দীন শম্ভু, হাবিবুর রহমান নান্নু ও শহীদ সরদারও নেতৃত্ব দেন। এ সময় বিক্ষোভকারীরা হাতে ঝাড়ু নিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে এ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে পক্ষপাতমূলকভাবে কমিটি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। দ্রুত কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জহিদুল ইসলাম রুবেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানানো হয়েছে, তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করা হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২২:০৫:২৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ