
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলা ও পরবর্তী সময়ে জীবন-জীবিকা পুনরুদ্ধারে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করার লক্ষ্যে বরগুনার আমতলীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আমতলী উপজেলা পরিষদ হলরুমে অ্যাকশন এইড বাংলাদেশ ও এনএসএসের সহযোগিতায় অ্যাক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এনএসএসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আফজাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এবং আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার।
প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক মো. হোসাইন আলী কাজী ও আবদুর রহমান সালেহ। কমিউনিটি কনসালটেশনের ফলাফল ও উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ইয়ুথ সদস্য মুক্তা রানী ও ওয়াহিদুল করিম তনু।
সভায় বক্তারা বলেন, দুর্বল বেড়িবাঁধের কারণে উপকূলীয় এলাকায় বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্যোগের পর পুনরুদ্ধারে ব্যয় বাড়ার পাশাপাশি আগাম প্রস্তুতি ও সচেতনতার ঘাটতির কারণে জরুরি সাড়াদানেও বিলম্ব হয়। এতে মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি আরও বেড়ে যায়।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর সমন্বয় এবং টেকসই অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও যুব সদস্যসহ প্রায় ২০০ জন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি নিয়ে একটি গান পরিবেশন করা হয়।