মনপুরায় মেঘনায় ১৬ কেজির কোরাল মাছ, বিক্রি ২৪ হাজার টাকায়

হোম » জেলে-মৎস্য » মনপুরায় মেঘনায় ১৬ কেজির কোরাল মাছ, বিক্রি ২৪ হাজার টাকায়
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া ১৬ কেজি ওজনের কোড়াল মাছ।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বড় আকৃতির কোরাল মাছ। মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে জোবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। পরে ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী ১৬ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে কিনে নেন।

 

জেলে কামাল মাঝি বলেন, মঙ্গলবার মেঘনায় জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে কোরালটিও ডালচর মৎস্যঘাটের আড়তে এনে নিলামে বিক্রি করা হয়।

 

মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার বলেন, তিনি ও আরও কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে জুবায়ের হাসান রাজিব চৌধুরী মাছটি কিনে নেন। মাছটি লঞ্চযোগে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ অবস্থায় বড় আকৃতির কোরাল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ