
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বরিশাল-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবি জানানো হয়।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন গৌরনদীর সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদীর ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় গৌরনদীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার, মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ ছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দ্রুত মহাসড়ক সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।
সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন উপস্থিত প্রতিনিধিরা। জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্থানীয়দের বক্তব্য শোনেন এবং জনসেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
এর আগে দুপুর সাড়ে ১টার দিকে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার পালরদী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয় চত্বরে একটি চারা রোপণ করেন।