বরিশালে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক

হোম » লিড নিউজ » বরিশালে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


 

বরিশালে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

 

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে ঢাকা ও অন্যান্য রুটে বন্ধ থাকা বাস চলাচল আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা ও বিষয়টি মীমাংসার আশ্বাসে বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

 

বাস শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নথুল্লাবাদ থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে থ্রি-হুইলার চলাচল নিয়ে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রা চালক ও মালিকদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর মধ্যে সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ ওঠে।

 

শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা চালকরা কয়েকটি বাস ভাঙচুর এবং কয়েকজন বাস শ্রমিককে মারধর করেন। পরে বানারীপাড়া রুটে চলাচলকারী আরও কয়েকটি বাসে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর প্রথমে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ হয়। পরে নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ সব রুট এবং দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

 

বাস শ্রমিক রবিউল ইসলাম সাগরকন্যাকে বলেন, ‘শিমুলতলা এলাকায় মাহিন্দ্রা চালকরা একত্রিত হয়ে আমাদের বাস ভাঙচুর এবং কয়েকজন স্টাফকে মারধর করেছেন। পরে বানারীপাড়ার দিকে যাওয়া প্রায় প্রতিটি বাসে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপরই বাস চলাচল বন্ধ করা হয়।’

 

বাসচালক আমজাদ বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও এসব যানবাহন চলাচল করছে। এসব যানবাহনের কারণে নিয়মিত দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। থ্রি-হুইলার চলাচল বন্ধে বিকেলে আলোচনার আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’

 

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, সকালে বানারীপাড়া এলাকায় মাহিন্দ্রা চালকরা সড়কে অবস্থান নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে বিরোধে জড়ান। পরে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। বিকেলে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের আলোচনার আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তারা আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নথুল্লাবাদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৪৪ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ