শনিবার ● ২২ আগস্ট ২০২৬
কয়রায় মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা
হোম » খুলনা » কয়রায় মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় মাছ ও কাঁকড়া ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ১৭ আগস্ট কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের ব্যবসায়ী মোজাফফর হোসেন। মামলাটি আমলে নিয়ে খুলনা সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের রশিদ মোল্লার মোড়ে মোজাফফর হোসেনের মাছ ও কাঁকড়ার ব্যবসাপ্রতিষ্ঠান (ডিপো) রয়েছে। গত ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে সেখানে গিয়ে ২ নম্বর কয়রা গ্রামের সোলাইমান শেখের ছেলে মনিরুজ্জামান ওরফে মনি (৪৫) এবং হরিণখোলা গ্রামের আনছার শেখের ছেলে আলাউদ্দীন শেখ তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে মোজাফফর হোসেনকে ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তাকে জিম্মি করে মাছ ও কাঁকড়া বিক্রির আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করেন বাদী।
বাদী মোজাফফর হোসেন বলেন, ‘মনিরুজ্জামান ও আলাউদ্দীন আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে সংঘবদ্ধ হয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।’
তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় অনেক মানুষ উপস্থিত থাকলেও অভিযুক্তদের ভয়ে কেউ কথা বলতে সাহস পাননি। চাঁদা দাবির ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনায় তিনি ন্যায়বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান ও আলাউদ্দীনের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি খুলনা সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’
এদিকে, খুলনা সিআইডি অফিসে যোগাযোগ করলে উল্লেখিত মামলার নথিপত্র আদালত থেকে এখনও তাদের হাতে পৌঁছেনি বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৫৮ ● ২৯ বার পঠিত
