শনিবার ● ২২ আগস্ট ২০২৬
গলাচিপায় ভাইরাল সেই মাদকসেবী সাকিব গ্রেপ্তার, কারাদণ্ড
হোম » পটুয়াখালী » গলাচিপায় ভাইরাল সেই মাদকসেবী সাকিব গ্রেপ্তার, কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া পটুয়াখালীর গলাচিপার মো. সাকিবকে (১৮) মাদক সেবনকালে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ এলাকায় মাদক সেবনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব ওই এলাকার মো. নয়ন হাওলাদার ও জরিনা বেগম দম্পতির ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গলাচিপা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাকিবকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
সম্প্রতি সাকিবের প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তার গ্রেপ্তার ও সাজা দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫২ ● ২৪ বার পঠিত
