বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
বিচ্ছেদের ৯ বছর পরও নতুন সংসার নয়, কেন একাই মীম?
হোম » বিনোদন » বিচ্ছেদের ৯ বছর পরও নতুন সংসার নয়, কেন একাই মীম?
![]()
সাগরকন্যা বিনোদন ডেস্ক
এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। ২০১২ সালের ৭ ডিসেম্বর পারিবারিকভাবে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর একসময় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। তবে সাড়ে পাঁচ বছর সংসার করার পর ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন মীম।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান এই অভিনেত্রী।
সংসার ভাঙার প্রসঙ্গে মীম বলেন, ‘মানুষের জীবন মানুষের হাতে লেখা নয়, যেটি আমি বিশ্বাস করি। আমি বিয়ে করেছি, অন্য সব মেয়ে যেমন চিন্তা করে বিয়ে করে, আমিও তাই করেছি। সব সুন্দরভাবে চলবে, সেই চেষ্টাও ছিল আমার। নিশ্চয়ই আমার সঙ্গীরও সেই চেষ্টা ছিল। কিন্তু কোনো কারণে সংসারটা টেকেনি।’
মীম আরও বলেন, ‘কাউকে দোষারোপ করব না। হয়তো আমারও দোষ রয়েছে, হয়তো তারও রয়েছে, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি যখন বুঝতে পারলাম যে, এটি হচ্ছে না, সাড়ে পাঁচ বছর অপেক্ষা করেছি। কেননা, কখনো যেন মনে না হয় যে, সংসারটি টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করিনি। ২০১৮ সালের ৭ জুন বিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করি।’
বিচ্ছেদের পর সম্পর্কে আস্থা হারিয়েছেন বলেও জানান মীম। এ কারণে গত নয় বছরেও নতুন করে সংসার বাঁধার সাহস করেননি তিনি।
শৈশবে গানের অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে অভিষেক হলেও ১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন মীম। পরবর্তী সময়ে নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ দেড় যুগের মতো শোবিজে কাজ করার পর নিজেকে আড়ালে নিয়ে যান এই অভিনেত্রী। সবশেষ ২০১২ সালে নাটকে দেখা যায় তাকে। পরবর্তীতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করলেও অভিনয়ে আর ফেরেননি মীম।
বাংলাদেশ সময়: ৮:০৯:৪৬ ● ১২২ বার পঠিত
