বুধবার ● ১৯ আগস্ট ২০২৬

বরগুনায় জেলা প্রশাসকের গণশুনানিতে ৫৫ জন পেলেন চিকিৎসাসেবা

হোম » বরগুনা » বরগুনায় জেলা প্রশাসকের গণশুনানিতে ৫৫ জন পেলেন চিকিৎসাসেবা
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

বরগুনায় জেলা প্রশাসকের গণশুনানিতে ৫৫ জন পেলেন চিকিৎসাসেবা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে শতাধিক মানুষ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, আবেদন ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন। জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনে অনেকের সমস্যা তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

গণশুনানিকে আরও জনবান্ধব ও কার্যকর করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। চিকিৎসাসেবা প্রত্যাশী ৫৫ জনের সমস্যা শুনতে বরগুনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সরাসরি গণশুনানিতে উপস্থিত ছিলেন। তিনি রোগীদের শারীরিক সমস্যার কথা শুনে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাপত্র দেন। পাশাপাশি হাসপাতাল থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও করা হয়।

 

এ ছাড়া অসহায় ও দরিদ্র সেবাপ্রার্থীদের প্রয়োজন বিবেচনায় নগদ অর্থ, শুকনা খাবারসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।

 

গণশুনানিতে চিকিৎসাসেবা নিতে আসা বরগুনা সদর উপজেলার হেলেঞ্চাবাড়িয়া এলাকার সুলতান মিয়া বলেন, ‘আমি জেলা প্রশাসকের কাছে আমার অসুস্থতার কথা বলেছি। তিনি তাৎক্ষণিক আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমাকে নগদ ৩ হাজার টাকা দিয়েছেন। তাঁর মতো জেলা প্রশাসক বরগুনায় আগে দেখিনি।’

 

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ‘সাপ্তাহিক গণশুনানি নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। এটি জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

 

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যেন সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন, গণশুনানির মাধ্যমে সেই সুযোগ নিশ্চিত করা হচ্ছে। অসহায় ও সাধারণ মানুষের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।’

 

জেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে। সেবাপ্রার্থীদের অনেকেই জানান, কর্মকর্তাদের কাছে সরাসরি নিজেদের সমস্যার কথা বলতে পারায় প্রশাসনের সেবা পাওয়ার পথ সহজ হচ্ছে।

 

গণশুনানিতে বরগুনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৬ ● ৫৮ বার পঠিত