বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে মেডিকেল টেকনোলজিস্টকে শোকজ
হোম » ঝালকাঠী » বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে মেডিকেল টেকনোলজিস্টকে শোকজ
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলের বিরুদ্ধে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, বহিরাগত লোক দিয়ে সরকারি কর্মচারীর দায়িত্বের কাজ করানো সরকারি কর্মচারী বিধিমালার ২(অ) ও ২(আ) অনুযায়ী অসদাচরণের শামিল। কেন বহিরাগত দিয়ে এক্স-রে করানো হয়েছে, তার সন্তোষজনক ব্যাখ্যা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের নজরে আসে। তাকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীল বলেন, আমাকে শোকজ করা হয়েছে। শোকজের কাগজ হাতে পেয়েছি। থাসময়ের মধ্যে জবাব দেব।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:২০ ● ২৪ বার পঠিত
