বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চরফ্যাশনে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
হোম » ভোলা » চরফ্যাশনে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলার হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মেডিকেলের মালিক মো. রুবেল ও আল সাফিয়া মেডিকেলের মালিক ইউসুফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে ফার্মেসিতে বিক্রয়নিষিদ্ধ ওষুধ ও অনিবন্ধিত ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়। হাসপাতাল রোডের রুবেল মেডিকেল ও আল সাফিয়া মেডিকেলে বিক্রয়ের জন্য নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং অনিবন্ধিত ওষুধ মজুত ও বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর রোডের রুমা মেডিকেলে ড্রাগ লাইসেন্স ও ওষুধের গুণগত মান যাচাই করা হয় এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চরফ্যাশন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন। তিনি বলেন, ‘আজ প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ওষুধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় বিভাগীয় ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরীফুল মোল্লা উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৫:৫১:৩২ ● ২১ বার পঠিত
